ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তিন মাদকসেবীকে
গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে
তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার
(১২ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ পৃথক অভিযান
পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই)
রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-উপজেলার সাহেবাবাদ এলাকার মোঃ রিফাত হোসেন (২০), চান্দলা এলাকার মোঃ হিরন মিয়া (৪০) এবং সুমন মিয়া (৩৭)।
পুলিশ
সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী
ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
আদালতের বিচারে ১ নম্বর
আসামি মোঃ রিফাত হোসেনকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং
১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য দুই আসামি মোঃ হিরন মিয়া ও সুমন
মিয়াকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া
থানার অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের আইনি
প্রক্রিয়া শেষে চালান মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
