রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন রনি (২২) নামে এক যুবক নিহত
হয়েছেন। এছাড়া একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের দুর্ঘটনায় শিশুসহ আরও
অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের তীরচর ও কুরছাপ এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত মো.
মহিউদ্দিন রনি দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে তীরচর এলাকায়
বাঁশবোঝাই একটি ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান মহাসড়কের তীরচরের দিকে
যাওয়ার জন্য ইউটার্ণ নেয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির
কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। কিছুক্ষণ পর পেছন দিক
থেকে আসা ‘তিশা প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের
পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিশা বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং
বাসের ভেতরে থাকা শিশুসহ অন্তত ছয়জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ইলিয়টগঞ্জ একটি বেসরকারি
হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের
নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে বেলা ১১টার দিকে মহাসড়কের কুরছাপ এলাকায়
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মো. মহিউদ্দিন রনি। এ সময় দ্রুতগতিতে আসা একটি
মিনি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বিষযটি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
