জুলাই
মাস শেষ হতে এখনও কয়েক দিন বাকি থাকলেও প্রবাসী আয়ের প্রবাহ ইতোমধ্যে ২২৯
কোটি ৯০ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা
গেছে, চলতি মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকার
সমপরিমাণ রেমিট্যান্স, যা অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা
হচ্ছে।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন
অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স দেশে
এসেছে। এর মধ্যে ২২ থেকে ২৫ জুলাই—এই চার দিনে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার।
গত
বছরের একই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সেই
তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬
শতাংশ।
এর আগে, ২২ জুলাই পর্যন্ত দেশে এসেছিল ২১৭ কোটি ডলার
রেমিট্যান্স, যার দেশীয় মুদ্রামান ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা (প্রতি
ডলার ১২২ টাকা হিসাবে)। পরবর্তী তিন দিনে আরও ১২ কোটি ৯০ লাখ ডলার যোগ
হওয়ায় ২৫ দিন শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ
ডলার বা প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা।
