নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার
স্বাস্থ্যসেবা খাতকে আরও জনবান্ধব ও আধুনিক করতে সরকারকে তিনটি
যুগান্তকারী প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
বর্তমান ৫০০ শয্যার সঙ্গে আরও ১ হাজার শয্যা যুক্ত করা, কুমিল্লা সদর
জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং গোমতী নদীর উত্তর পাড়ে
কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
মনিরুল
হক চৌধুরী বলেন, কুমিল্লার চিকিৎসা খাতে দীর্ঘদিন ধরে শয্যা সংকট রয়েছে। এ
সংকট মোকাবিলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ৫০০ শয্যার
সঙ্গে আরও ১ হাজার শয্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান
হাসপাতালের সঙ্গে আরও ৫০০ শয্যা সংযুক্ত করার পাশাপাশি গোমতী নদীর উত্তর
পাড়ে মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখা স্থাপন করে সেখানে আরও ৫০০
শয্যার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কুমিল্লা সদর
জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের
শয্যা সংকট, জলাবদ্ধতা ও পুরোনো ভবনের কারণে হাসপাতালটির চিকিৎসাসেবা
ব্যাহত হচ্ছে। হাসপাতালের অধিকাংশ পুরোনো ভবনই বর্তমানে জরাজীর্ণ ও
পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এসব ভবন দ্রুত সংস্কারের পাশাপাশি একটি পরিকল্পিত
অবকাঠামোর মাধ্যমে হাসপাতালটিকে ৫০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ নেওয়া
হয়েছে।
সংসদ সদস্য বলেন, কয়েক দিন আগে স্বাস্থ্য মন্ত্রী নিজে কুমিল্লা
সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করে এর বর্তমান পরিস্থিতি দেখে গেছেন। এ
বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গেও আলোচনা
হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই হাসপাতালটির উন্নয়নে একটি পরিকল্পিত
অবকাঠামোগত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কুমিল্লা শহরের কেন্দ্রস্থলে
অবস্থিত সদর জেনারেল হাসপাতালটি আধুনিক ও ৫০০ শয্যায় উন্নীত করা গেলে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ অনেকটাই কমবে। এতে নগরবাসীসহ
জেলার বিভিন্ন প্রান্তের মানুষ দ্রুত ও সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ
পাবেন।
এ ছাড়া গোমতী নদীর উত্তর পাড়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের কথাও জানান তিনি। সংসদ সদস্য বলেন, আগামী তিন
মাসের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ গোমতী নদীর উত্তর পাড়ে
স্থানান্তর করা হবে। এরপর ওই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের
কাজ শুরু হবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার
এলাকায় নবনির্মিত শিশু হাসপাতালটি দ্রুত উদ্বোধন করা হবে বলেও জানান সংসদ
সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, কুমিল্লার চিকিৎসা খাতে বিদ্যমান সংকট
কাটাতে নতুন চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর
শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সম্মতিও পাওয়া
গেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লার দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকট
অনেকটাই কমে আসবে এবং জেলার মানুষের জন্য আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব
স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির, ডেপুটি সিভিল সার্জনসহ
হাসপাতালের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
