একটা সময় ওয়ানডে ক্রিকেট কেউ খেলতে চাইবে না: মঈন
Published : Monday, 8 August, 2022 at 12:00 AM
বেন
স্টোকসের ওয়ানডে ছাড়ার পর থেকেই ওয়ানডে নিয়ে সরগরম বিশ্ব ক্রিকেট।
কিংবদন্তি অনেক ক্রিকেটারই এই ফরম্যাটের কোনো ভবিষ্যৎ দেখছেন না। ওয়াসিম
আকরাম, রবি শাস্ত্রী ও উসমান খাজাও ওয়ানডেকে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন।
এবার ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও জানালেন, ওয়ানডে ক্রিকেট একঘেয়ে হয়ে
উঠেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই ফরম্যাট কেউ খেলতে চাইবে না।
যদিও
তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পক্ষে মঈন আলী। তিনি মনে
করেন, আগামী দিনে স্টোকসের মত আরও অনেকের মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায়
বলার প্রবণতা দেখা যাবে।
মঈন বলেন, 'তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট
খেলাটাই সবচেয়ে সুন্দর। তবে আমার মনে হয়, এখন অনেক খেলা হচ্ছে। টানা
ক্রিকেটের কারণে এই ফরম্যাট থেকে অবসরের মাত্রা বেড়ে যাবে। আমার মনে হচ্ছে
এখানে কোনো ভারসাম্য নেই। কিছু একটা করা উচিৎ, কারণ আমার ভয় হচ্ছে- কয়েক
বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে।'
টেস্ট ও টি-টোয়েন্টির
গ্যাড়াকলে ওয়ানডের জৌলুস কমে গেছে দাবি করে এই অলরাউন্ডার বলেন, 'এখনই একে
একঘেয়ে মনে হচ্ছে। টি-টোয়েন্টি ও টেস্ট- দুটোই দারুণ। ওয়ানডে ক্রিকেট তাই
একঘেয়ে, যেটা এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে না।'
শুধু ওয়ানডেই নয়,
টেস্টের প্রতি তরুণদের অনাগ্রহও চিন্তিত করে তুলেছে মঈনকে। ফ্র্যাঞ্চাইজি
ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের ঝোঁক সম্পর্কে তিনি বলেন, 'একজন তরুণ
খেলোয়াড় এখন আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও অনেক টাকা উপার্জন করতে পারে।
মোটা অঙ্কের টাকা পাওয়া যায় বলে এটা নিয়ে তাদের উদ্বেগও নেই। কিন্তু আপনি
টেস্ট ক্রিকেটের স্বাদ পাচ্ছেন না, যা সবার সেরা। অনেক ভালো খেলোয়াড়ই টেস্ট
খেলতে পারছে না বলে হতাশ হচ্ছে না। কিন্তু ১০-১৫ বছর আগে টেস্ট ক্রিকেট
খেলাটাই সব ছিল।'