মেসি-নেইমারে পিএসজির গোল উৎসব
Published : Monday, 8 August, 2022 at 12:00 AM
গেল
মৌসুমে পিএসজিতে সময়টা ভালো কাটেনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। নতুন
মৌসুমের আগে জানিয়েছিলেন, দেখা যাবে সেরা ফর্মের মেসিকে। উদ্বোধনী ম্যাচে
যেন সেটিরই প্রতিফলন দেখালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার। আসরের
প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। দলের আরেক
তারকা নেইমার এক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। অন্য দুই
গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কুইনহোস। শনিবার রাতে ক্লেরমন্টের মাঠে ৫-০
গোলের বড় জয়ে এবার লিগ শুরু করেছে পিএসজি।
ম্যাচের নবম মিনিটেই নেইমারের
গোলে এগিয়ে যায় পিএসজি। ক্লেরমন্টের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে হাকিমির
নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে
গোল করেন হাকিমি। ৩৮ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটা
বিনা বাধায় হেড করে বল জালে জড়ান পিএসজি অধিনায়ক মার্কুইনহোস।
দ্বিতীয়ার্ধের
৮০তম মিনিটে ফের ক্লেরমন্টের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার
মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে
এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন
আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি।
লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর
দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। বাকি সময় ক্লেরমন্ট কোনো জবাব দিতে না পারায়
বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।