এএফসি কাপে চোট পেয়ে শঙ্কায় চার ফুটবলার
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
এএফসি
কাপে চূড়ান্ত পর্বে উঠতে পারেনি বসুন্ধরা কিংস। গ্রুপ পর্ব থেকে বিদায়
নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছে দলটি। প্রতিযোগিতাটির কলকাতার পর্বে খেলে চার
ফুটবলার চোট পেয়েছেন। এখন জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে তারা খেলতে
পারবেন কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কলকাতায় খেলতে গিয়ে চোট পেয়েছেন দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও সুমন রেজা, মিডফিল্ডার মাশুক মিয়া জনি এবং ডিফেন্ডার কাজী তারিক রায়হান।
তাদের
সর্বশেষ অবস্থান সম্পর্কে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমকে
বলেছেন, ‘দল কিছুক্ষণ আগে (বিকালে) ঢাকা পৌঁছেছে। কোচ ও ট্রেনার চোট
পাওয়াদের দেখে, পর্যালোচনা করে যে সিদ্ধান্ত নেওয়ার নিবেন। এ ব্যাপারে
ক্লাবের সিদ্ধান্ত হচ্ছে, তারা যদি সুস্থ থাকে এবং জাতীয় দলের টিম
ম্যানেজমেন্ট যদি মনে করে তাদের নিয়ে যাওয়া প্রয়োজন, তাহলে তারা দলের সঙ্গে
যোগ দিবে।’
এবারও এএফসি কাপে হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে প্রিমিয়ার
লিগ চ্যাম্পিয়নদের। বিশ্লেষণ করতে গিয়ে বাফুফের অন্যতম এই সহ-সভাপতি
বলেছেন, ‘স্বাভাবিকভাবে হতাশা তো গ্রাস করবেই। তিনটা ম্যাচের মধ্যে আমরা
দুটিতে জিতেছি, একটিতে হেরেছি। আমি ফুটবল বিশেষজ্ঞ নই, আপনাদের মতোই দর্শক।
তবে খালি চোখে আমার যেটা মনে হয়েছে, সেদিন মোহনবাগানের বিপক্ষে আমরা যে
হাই-লাইন প্রেসিং খেলেছি, সেটা ঠিক হয়নি।’
এএফসি কাপে দলের এই
পারফরম্যান্সে হেড কোচ অস্কার ব্রুজনের ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে। যদিও কিংস
সভাপতি বললেন, ‘আসলে একটা ম্যাচে খারাপ করেছে বলে কোচ নিয়ে সিদ্ধান্ত
নেওয়ার সময় আমার মনে হয় এখনও আসেনি।’