ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনাইটেডকে গুঁড়িয়ে শীর্ষে ফিরল লিভারপুল
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM
ম্যানচেস্টার ইউনাইটেড সত্যিই বুঝি মোহামেদ সালাহর প্রিয় প্রতিপক্ষ। ম্যাচ শুরু হতেই গোল করিয়ে ও করে সেটাই যেন প্রমাণ করলেন তিনি। সতীর্থের গোল খরা কাটার দিনে আলো ছড়ালো পুরো লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে ৪-০ গোলে জিতেছে লিভারপুল। সালাহ জোড়া গোল ছাড়া জালের দেখা পেয়েছেন দলটির আক্রমণত্রয়ীর বাকি দুজনও, লুইস দিয়াস ও সাদিও মানে।
লিগে গত শনিবার নরিচ সিটির বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতেছিল ইউনাইটেড। গত মাসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও তিন গোল করেছিলেন তিনি। পর্তুগিজ তারকার কাঁধে চেপে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশায় ছিল দলটি। কিন্তু নবজাতক ছেলেকে হারিয়ে রোনালদো নিজেই আজ দিশেহারা।
দলের সেরা তারকাকে ছাড়া ইউনাইটেড পারল না ন্যুনতম লড়াইটুকুও করতে। চ্যাম্পিয়ন্স লিগের আগোমী আসরে তাদের খেলার সম্ভাবনাও আরও মিইয়ে গেল।
লিগে টানা ১০ জয়ের পর আগের রাউন্ডে ম্যানচেস্টার সিটির মাঠে দুবার পিছিয়ে পড়ে ২-২ ড্র করেছিল লিভারপুল। এর ছয় দিন পর গত শনিবার এফএ কাপের সেমি-ফাইনালে তারা পেপ গুয়ার্দিওলার দলকেই ৩-২ গোলে হারিয়ে দেয়।
এবার এই দারুণ জয়ে লিগে সিটির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। অবশ্য বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে জিতলেই আবার শিরোপা লড়াইয়ের লাগাম হাতে নেবে গতবারের চ্যাম্পিয়নরা।
নামের ভারে দুই দল একই সারিতে। তবে গত কয়েক বছরের পারফরম্যান্স ও সাফল্য বিবেচনায় ব্যবধানটাও বেশ পরিষ্কার। আর ম্যাচ শুরু হতেই অনায়াসে ইউনাইটেডের রক্ষণ গুঁড়িয়ে যেভাবে এগিয়ে যায় লিভারপুল, তাতে পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে।