ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে নির্বাচনী সহিংসতা
৫ পুলিশ সদস্যসহ আহত ১০০
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুইটি গাড়ি ভাংচুর, গুলিবিদ্ধ ২
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:58:07 AM
 ৫ পুলিশ সদস্যসহ আহত ১০০মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
গত ৩১ জানুয়ারি সোমবার কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২ দিনে ২১টি স্থানে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এসব ঘটনায় নারী পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাহেবনগর, রামচন্দ্রপুর, শ্রীরামপুর, গাইটুলি, কাজিয়াতল, নবীপুর, রায়তলা, লক্ষীপুর, মোস্তফাপুর, দেওড়া, বাখরাবাদ, ভূবনঘর, ধামঘর, কৃষ্ণপুর, বেনীখোলা, বাখরনগর, আছানপুর, জাহাপুর, দক্ষিণ দিঘলদী, কামাল্লা, যাত্রাপুর, কৈজুরী, পাঁচপুকুরিয়া ও কোদালকাটা এলাকায় এই সকল সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা প্রায় ৮/১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসব ঘটনায় নারী পুরুষসহ প্রায় শতাধিক মানুষ আহত হয়। তাদের মধ্যে ৮০জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১৯ জনকে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরতর আহত আছানপুর গ্রামের জালাল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ দিকে উপজেলার পরমতলা গ্রামের ৬নং ওয়ার্ড এলাকায় ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুইটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা। ওই সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষন করা হলে পরমতলা গ্রামের আলাউদ্দিন মুন্সি (২২) ও তানজিম মুন্সি (২৫) গুলিবিদ্ধ হয়। উক্ত ঘটনার পর থেকে আতংকে স্থানীয়রা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের গাড়ি ভাংচুরের ঘটনায় ১০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। বিভিন্ন স্থানে মারামারি ঘটনায় কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।