
কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জে উপজেলার ২৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা চলাকালে প্রায় প্রতিটি ইউনিয়নে আচরনবিধি লঙ্ঘণ, হামলা ভাংচুর ও মারধরের ঘটনা ঘটলেও ভোটের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৪ পর্যন্ত। এদিন মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে এবং মনোহরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে বিভিন্ন পদে ভোটগ্রহণ হয়।
এদিকে নির্বাচন চলাকালে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুরাদনগর উপজেলায় এক ভুয়া পোলিং অফিসারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- প্রদান করা হয়। অপরদিকে একই উপজেলার সবক’টি ইউনিয়নে ইভিএমে ভোট দেয়া নিয়ে অনেক ভোটারকে জটিলতায় পড়তে দেখা যায়। আঙ্গুলের ছাপ না মিলায় তাদের অনেকে ভোট দিতে পারেননি।