আবারও পর্দায় এক সঙ্গে দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় অভিনেতাকে। এবার শাহরুখ খান, সালমান খান এবং হৃতিক রোশনকে এক সঙ্গে দেখতে চলেছেন হিন্দি ছবির দর্শকরা। ৯০ দশকের তিন সুপারস্টার একই সঙ্গে একই পর্দায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে টিনসেল নগরীতে।
গুপ্তচরের গল্প নিয়ে ছবি বানাতে চলেছে যশরাজ ফিল্মস। কিন্তু এত তাড়াতাড়ি দর্শকদের সেই আশা পূরণ করবেন না প্রযোজনা সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। হৃতিক রোশনের ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরে এই ছবির কাজে হাত দেবেন তিনি।
চমক শুধু এখানেই না, গুপ্তচর-কেন্দ্রিক এই ছবিতে শাহরুখ-হৃতিক-সালমান নতুন কোনও চরিত্রে দেখা দেবেন না। তিনজনকেই দেখা যাবে, তাদের আগের চরিত্রে। ‘টাইগার’ ছবির ‘টাইগার’ হিসেবে দেখা দেবেন সালমান। ‘পাঠান’ ছবির ‘পাঠান’ হিসেবে অভিনয় করবেন শাহরুখ এবং ‘ওয়ার’-এর ‘কবির’ হয়ে আসবেন হৃতিক। এই তিন গুপ্তচরই এক পর্দায়।
বলিপাড়ার সূত্রের খবর, ‘মার্ভেল’-এর ‘অ্যাভেঞ্জার্স অ্যান্ডগেম’-এর আমেজ দিতে চাইছেন বলি দর্শকদের। সেভাবেই তিন চরিত্রকে মিলিয়ে দিতে চাইছেন আদিত্য চোপড়া।