বুড়িচংয়ে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একচুলও আপোষ নয়
নিজস্ব প্রতিবেদক
Published : Saturday, 29 January, 2022 at 8:45 PM
‘কুমিল্লায় শেষ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে একচুলও ছাড় দেয়া হবে না। সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন। আছে গোয়েন্দা নজরদারিও। কুমিল্লার অন্যান্য উপজেলার মতো বুড়িচং উপজেলার সকল ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’শনিবার কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।