ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন
আচরণবিধি লঙ্ঘন করীদের কাউকে ছাড় দেওয়া হবে না
Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM, Update: 29.01.2022 1:01:08 AM
জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুনএবিএম আতিকুর রহমান বাশার/ শাহীন আলম  ।।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি দেবীদ্বারে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যারা নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে অথবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তি শালীই  হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে। যারা প্রার্থী রয়েছেন জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরী করুন, নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকুন, সবাই কাঁধে কাঁধ রেখে একটি অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে সহযোগিতা করুন।
গতকাল শুক্রবার সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ টি ইউপি’র চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হুশিয়ারি উচ্চারণ করেন। দেবীদ্বার অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
 দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদার’র সভাপতিত্বে ও লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সৈয়দা সাদিকা সুলতানা’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মেদ পিপিএম (বার), কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
জেলা প্রশাসক আরও বলেন, ভোটারদের ভয় ভীতি, ভোট কেন্দ্রে আসতে বাধা, হুমকির কোন অভিযোগ পেলে সাথে সাথে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি অনিময় ও জোর করে পাশ করতে হয়, ভোটাররা যদি আপনাকে ভোট না দেয় আপনি নির্বাচনে কেন এসেছেন ?  কারও মনে যদি কোন অসৎ উদ্দেশ্য থেকে থাকে দয়া করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।  আপনার নির্বাচন করার দরকারে নেই। আপনার জন্য ভোট কেন্দ্রে কোন বিশৃঙ্খল হোক আমরা চাই না।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ফারুক আহাম্মেদ বলেন, নির্বাচনে আচরণ বিধি মেনে চলুন, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না । যারা নির্বাচনে সহিংসতা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। বহিরাগত, মোটর বাইকে শোডাউন, নির্বাচনী কার্যলয় ভাঙচুর কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে  আর তার  কোন প্রমাণ পেলে সাথে সাথে ওই প্রার্থীর  প্রার্থীতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  আবার নিজেরা নির্বাচনী কার্যালয়ে আগুণ দিয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টাও করবেন না। যার যার কার্যালয় সে সে পাহারা দিবে। আমরা চাই না , কোন প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই, যদি নেওয়া প্রয়োজন হয় তবে সেটা কঠিন হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।
 এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ আমির উল্লাহ, দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, দেবীদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান, দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জি এস মান্নান মোল্লা সহ ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা ।