ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রচারণায় না নেমেও ৭৯ ভোট পেলেন পরীমনি
Published : Saturday, 29 January, 2022 at 11:55 AM
প্রচারণায় না নেমেও ৭৯ ভোট পেলেন পরীমনিবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে হেরেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। তিনি পেয়েছেন ৭৯ ভোট।

শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে প্রার্থী হন। তবে পরীমনিকে প্রচারণায় নামতে দেখা যায়নি। নির্বাচনকে ঘিরে এফডিসি সরগরম থাকলেও সেখানে একবারও দেখা মেলেনি পরীমনির।

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খানও। পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস। তিনি পেয়েছেন ২৪০ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এছাড়া সমান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন নায়িকা অঞ্জনা ও মৌসুমী।