ক্রীড়া প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রার আগে কুমিল্লা জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর উদবাতুল বারী আবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমদাদুল হক ইমদু, দলের প্রধান কোচ, সহকারী কোচ, টিম ম্যানেজারসহ অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা।
দলের খেলোয়াড়দের উদ্দেশে উদবাতুল বারী আবু বলেন, খেলাধুলায় ভালো ফল অর্জনের জন্য প্রতিভার পাশাপাশি শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও দলীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলতে হবে। প্রতিটি ম্যাচে ইতিবাচক মনোভাব ধরে রেখে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করতে হবে।
তিনি তরুণ ক্রিকেটারদের মনোবল বাড়ানোর পাশাপাশি খেলার নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং প্রতিপক্ষকে সম্মান করার পরামর্শ দেন। একই সঙ্গে কুমিল্লার সুনাম অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীলতার সঙ্গে খেলার আহ্বান জানান।
এ সময় দলের কোচ ও কর্মকর্তারাও খেলোয়াড়দের প্রয়োজনীয় পরামর্শ দেন। কিশোরগঞ্জে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে কুমিল্লার সাফল্য বয়ে আনবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
