মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
জাপানের লিগে খেলার হাতছানি, ফর্টিস ছাড়তে চান শুকি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩২ এএম |

জাপানের লিগে খেলার হাতছানি, ফর্টিস ছাড়তে চান শুকি

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার শুকি ইতোফুসার সামনে এবার জাপানের লিগে খেলার হাতছানি। নতুন এই চ্যালেঞ্জ নিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান ক্লাব ফর্টিস এফসি ছাড়তে চান ২২ বছর বয়সী এই ফুটবলার।
এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের আবেদনও করেছেন তিনি।
ফর্টিস এফসি অবশ্য শুকির এই ইচ্ছাকে ইতিবাচকভাবেই দেখছে।
দেশের ফুটবলারদের উন্নতি ও জাতীয় দলের বৃহত্তর স্বার্থের কথা ভেবে উন্নত লিগে খেলার সুযোগ পেলে কাউকে আটকে রাখতে চায় না ক্লাবটি। শুকির আবেদনের বিষয়ে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘শুকি ছাড়পত্রের জন্য আমাদের কাছে আবেদন করেছে।
ওর সঙ্গে আমাদের এক বছরের চুক্তি থাকলেও ভালো মানের লিগে খেলার সুযোগ পেলে বিষয়টি আমরা বিবেচনা করতে চাই। দেশি ফুটবলারদের সামনে উন্নত লিগে খেলার সুযোগ এলে অবশ্যই সেটি দেওয়া উচিত।
এতে শুধু ক্লাব নয়, দিনশেষে জাতীয় দলই উপকৃত হবে। তবে পুরো বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।’
জাপানে বেড়ে ওঠা শুকি ইতোফুসা মূলত বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই গত ২ সেপ্টেম্বর লাওসের ক্লাব সাভানাখেত জেলোস ছেড়ে ফর্টিস এফসিতে নাম লিখিয়েছিলেন। ফর্টিসের জার্সিতে নিজের অভিষেক মৌসুমে ঘরোয়া বাংলাদেশ ফুটবল লিগের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চ এএফসি চ্যালেঞ্জ লিগেও আলো ছড়িয়েছেন এই লেফট উইঙ্গার। চ্যালেঞ্জ লিগে শক্তিশালী রেগার-তাদাজ তুরসুনজোদার বিপক্ষে একটি গোলও রয়েছে তার নামের পাশে।
ক্লাব ফুটবলের পারফরম্যান্সের সুবাদে লাল-সবুজের জার্সিতেও নিয়মিত মুখ হয়ে উঠেছেন শুকি। গত সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর থেকে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন প্রতিভাবান এই উইঙ্গার।
এদিকে মাঠের লড়াইয়ে আগামীকাল নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে ফর্টিস এফসি। 
জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবে দলটি। নতুন এই ভেন্যুতে খেলতে দলের ফুটবলাররা দারুণ মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ম্যানেজার রাশেদুল ইসলাম। তাঁর মতে, বসুন্ধরা কিংস অ্যারেনার পর জাতীয় স্টেডিয়ামের মতো উন্নত মানের মাঠে খেলার সুযোগ পাওয়ায় ফর্টিসের ফুটবলারদের জন্য নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখা আরও সহজ হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২