মোঃ এমদাদ উল্যাহ ।।
নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে আড়াই বছর আগে বৈধ উপায়ে সৌদিআরব পাড়ি জমিয়েছিলেন লোকমান হোসেন বাদশা নামে এক তরুণ। পরিবারের আশা-আকাঙ্খা আর বুকভরা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাঁর প্রবাস জীবন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ১৪ নভেম্বর কর্মস্থলে মাথার উপর গ্লাস পড়ে মৃত্যু হয়েছে তাঁর। একইভাবে সৌদিআরবে যাওয়ার এক বছর পর ২০২০ সালে মারা যান তাঁর বড় ভাই সোলেমান বাদশা। প্রবাসে দুই ছেলের মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছেন লোকমান হোসেন বাদশা ও সোলেমান বাদশার বাবা মোখলেছুর রহমান সেলিম ওরফে গাজীর পরিবার। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
জানা গেছে, মোখলেছুর রহমান সেলিম ওরফে গাজী দীর্ঘ বছর ধরে রাজবল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুট ও বাদাম বিক্রি করে সংসার চালান। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ধার-দেনা করে ২০১৯ সালে বড় ছেলে সোলেমান বাদশাকে পাঠিয়েছিলেন সৌদিআরব। সেখানে এক বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। সেই শোক কাটিয়ে উঠে আড়াই বছর আগে আবারও ধার-দেনা করে সৌদিআরব পাঠান ছোট ছেলে লোকমান হোসেন বাদশাকে। গত ১৪ নভেম্বর কর্মস্থলে মাথায় গ্লাস পড়ে মারা যান লোকমান হোসেন। ১৮ নভেম্বর বাদ জোহর সৌদিআরবে নামাজে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়। বিদেশে কাজ করে পরিবারের ঋণ পরিশোধ, স্বজনদের মুখে হাসি ফোটানো এবং নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় তাদের সেই স্বপ্ন ধূলিস্যাত হয়েছে।
দুই প্রবাসীর পিতা মোখলেছুর রহমান সেলিম ওরফে গাজী জানান, জীবিকার তাগিদে ও পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাঠানো হয়েছিল দুই সন্তানকে। পরিবারের মুখে হাসি ফোটানো এবং স্বজনদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ছিল তাঁদের চোখে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই দুর্ঘটনায় থেমে গেল তাঁদের জীবনযাত্রা। সর্বশেষ লোকমান হোসেনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশে যাওয়া দুই সন্তানের এমন করুণ মৃত্যু আবারও মনে করিয়ে দিল, প্রবাসীদের জীবন কতটা অনিশ্চয়তা ও ঝুঁকিতে ঘেরা।
লোকমান হোসেন ও সোলেমান বাদশার মতো চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৭৩ দিনে বিদেশে ৪ হাজার ৬০ জন বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়েছে। যা দিনে গড়ে ১৪ জনের বেশি। প্রতিদিনই মারা যাওয়া প্রবাসীদের পরিবারের স্বচ্ছলতার স্বপ্নভঙ্গ হচ্ছে। দেশের অর্থনীতির অক্সিজেনখ্যাত রেমিটেন্সযোদ্ধাদের প্রবাসে মৃত্যু হলে দূতাবাস এগিয়ে আসে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রায় মৃত রেমিটেন্সযোদ্ধাদের মরদেহ প্রবাসীরা টাকা তুলে পাঠাতে হয়।
অপরদিকে ২০২৬ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের ১০৯টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৪ লাখ ৪৩ হাজার ২১ জন কর্মী প্রবাসে পাড়ি জমিয়েছেন। এরমধ্যে বেশিরভাগই গেছেন সৌদিআরবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মিডিয়ায় প্রচারণার অভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। অনেকের অভিযোগ, সরকার কি সুবিধা দেয় এটা এখনো অনেকেই জানে না। আবার কেউ কেউ জানলেও সুবিধা গ্রহণে নানা হয়রানীর শিকার হওয়ার অভিযোগ করেছেন।
প্রবাসে মৃত্যু হলে পরিবারের পাশে সরকারঃ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীর পরিবার কয়েক ধরনের সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। ১. পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান: বৈধভাবে বিদেশে যাওয়া অথবা বোর্ডে নিবন্ধিত মৃত প্রবাসী কর্মীর পরিবারকে এককালীন ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর পরিবারের ব্যাংক হিসাবে সরাসরি টাকা পাঠানো হয়। ২. মরদেহ দেশে আনার ব্যবস্থা: বৈধভাবে বিদেশে যাওয়া কর্মীর মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার সহযোগিতা দেওয়া হয়। সাধারণত নিয়োগকর্তা খরচ বহন করেন। নিয়োগকর্তা না থাকলে বা অপারগ হলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নেও মরদেহ আনার ব্যবস্থা করা হয়। ৩. মরদেহ পরিবহন ও দাফনে ৩৫ হাজার টাকা: বিদেশ থেকে মরদেহ দেশে আসার পর পরিবারের কাছে হস্তান্তরের সময় পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। ৪. ক্ষতিপূরণ ও বকেয়া পাওনা আদায়ে সহযোগিতা: প্রবাসে কর্মরত অবস্থায় মৃত্যুর ঘটনায় নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্য ক্ষতিপূরণ, বকেয়া বেতন, বিমার টাকা ও সার্ভিস বেনিফিট আদায়ে পরিবারকে আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয়। ৫. অন্যান্য সহায়তা: পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে আইনি সহায়তা এবং পরিবারের অন্যান্য প্রাপ্য সুবিধা আদায়েও সহযোগিতা করা হয়।
কিভাবে আবেদন করবেন?-৩ লাখ টাকা অনুদানের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়-ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র বা সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া পরিবারের সদস্য বা ওয়ারিশ সনদ। ৪০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা। অর্থ গ্রহণকারীর ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ ব্যাংক স্টেটমেন্ট। প্রত্যেক ওয়ারিশের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। মরদেহ দেশে আনার আবেদনে মৃত ব্যক্তির পাসপোর্ট ও বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা বোর্ডের সদস্যপদের প্রমাণ প্রয়োজন হতে পারে।
কোথায় যোগাযোগ করবেন?-প্রবাসী কর্মীর মৃত্যুর পরপরই সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের শ্রম কল্যাণ উইং এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রবাস বন্ধু কল সেন্টারে যোগাযোগ করা যাবে। দেশ থেকে: টোল ফ্রি ১৬১৩৫, বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০, অনলাইনে আবেদন: মাইগভ সরকারি সেবা।
গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বৈধভাবে বিদেশে যাওয়া কর্মীদের মরদেহ দেশে ফেরাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সরকারি খরচে সহযোগিতা করে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিদেশের মাটিতে তাঁদের মৃত্যুতে পরিবারকে নানা সংকটের মুখে পড়তে হয়। তাই সরকারি এসব সুবিধা সম্পর্কে প্রবাসী ও তাঁদের পরিবারের সচেতনতা বাড়ানো জরুরি’।
