ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মু. আবু বকর সিদ্দিক দিনব্যাপী গণসংযোগ ও কর্মী-সমর্থকদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন। এ সময় তাঁর সমর্থকেরা এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মু. আবু বকর সিদ্দিক বলেন, “আমরা সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে একটি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। সদর ইউনিয়নের রাস্তাঘাট ও নাগরিক সুবিধার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে আমি কাজ করতে আগ্রহী। পাশাপাশি সরকারি ভাতা বণ্টন ও নাগরিক সেবায় স্বজনপ্রীতি ও অনিয়মের অবসান ঘটিয়ে ন্যায্যতা নিশ্চিত করাই আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
লিফলেটে উল্লেখিত পরিচিতি অনুযায়ী, মু. আবু বকর সিদ্দিক ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের বাসিন্দা এবং একজন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক। তাঁর বাবা আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন কালামুড়িয়া জামে মসজিদের খতিব এবং মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। শিক্ষাজীবনে তিনি সুলতানপুর কামিল মাদ্রাসা থেকে দাখিল (এ+) এবং দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (এ+) পাস করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর (উভয়টিতে প্রথম শ্রেণি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে এমবিএ (প্রথম শ্রেণি) সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ‘লাম ইন্টারন্যাশনাল’ ও ‘ডংগিলা ফার্নিশিং’-এর ব্যবস্থাপনা পরিচালক, ‘আলিফ ট্রেডিং’-এর চেয়ারম্যান এবং ‘এ বি এস টেক্সা ফ্যাক্স’-এর সিইও অ্যান্ড ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ‘সমৃদ্ধ ব্রাহ্মণপাড়া, সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
