শুরুটা করেছিলেন দুর্দান্ত। ম্যাচের ১৪ মিনিটেই গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ মহাতারকা। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে আল নাসরকে ৩-১ গোলে হারিয়েছে আল আহলি।
শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে এই জয় তুলে নেয় স্বাগতিকরা।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে আল আহলির অর্ধে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে প্রথমবারের শটেই বল জালে পাঠান রোনালদো।
তবে ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল আল নাসর। পেনাল্টি বক্সের ভেতর আওয়াদ আমানকে ফাউল করেন সাঈদ বাত্তিয়া।
পেনাল্টি থেকে নেওয়া রোনালদোর শট আঘাত করে বাম পোস্টের গোড়ায়। ফলে অল্পের জন্য বেঁচে যায় আল আহলি।
ধীরে ধীরে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ইভান টনির পাস থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান গ্যালেনো। তার জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি আল নাসরের গোলরক্ষক বেন্তো।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় আল আহলি। মারিহ দেমিরালকে ফাউল করে বসেন আবদুল্লাহ আল হামদান। ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৭১ মিনিটে স্পটকিক থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন টনি।
এর চার মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। গ্যালেনোর কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জালে পাঠান রজার ইবানিয়েস। তাতেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায় আল আহলির।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল আহলি। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা আল নাসরের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে চার পয়েন্টে।
আল নাসরের হারের পেছনে রোনালদোর পেনাল্টি মিস বড় ভূমিকা রেখেছে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সে দলের সবচেয়ে বড় আক্রমণভাগের ভরসা ছিলেন তিনিই। ম্যাচের প্রথম গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে তার ৯৮৬তম। পুরো ম্যাচে ছয়টি শট নেন তিনি, যার পাঁচটিই ছিল পেনাল্টি বক্সের ভেতর থেকে। এছাড়া দুটি বড় গোলের সুযোগও তৈরি করেছিলেন।
অন্যদিকে আল আহলির জয়ের নায়ক টনি। একটি গোল ও একটি অ্যাসিস্টের পাশাপাশি তিনটি শট নেন তিনি। প্রতিপক্ষের শেষ এক-তৃতীয়াংশে সাতবার বল নিয়ে প্রবেশ করেন এবং ৯টি দ্বৈরথের চারটিতে জয় পান ইংলিশ এই স্ট্রাইকার।
আগের ম্যাচে আল শাবাবের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আল আহলি। সেই হারের পর এমন দাপুটে জয় তাদের শিরোপার লড়াইয়ে নতুন করে আত্মবিশ্বাস জোগাবে।
