আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাফল্য খুব কম। অনেক সম্ভাবনাময় খেলা আন্তর্জাতিক গেমস কিংবা টুর্নামেন্টে ভালো ফলাফল পায় না বাংলাদেশ। এর পেছনে বড় কারণ নিয়মিত অনুশীলন না হওয়া। জাতীয় ক্রীড়া পরিষদ এবার দীর্ঘমেয়াদী অনুশীলনে গুরুত্ব দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ ২৬ ফেডারেশনের তালিকা করেছে। সেই ফেডারেশনগুলোকে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার সভায় বসেছিল। সেই সভায় ৩০ নভেম্বরের মধ্যে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ সেই পরিকল্পনা পর্যালোচনা করে জানুয়ারি থেকে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু করতে চায়।
টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী বলেন, 'অন্তত ছয় মাসের পূর্ণাঙ্গ পরিকল্পনা দিতে বলা হয়েছে। যেখানে ক্যাম্প খরচ, ডাক্তার থেকে শুরু করে সব কিছু থাকবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সহায়তা পেলে ফেডারেশনগুলো অনেক এগিয়ে যাবে।' অনেক ফেডারেশন অর্থের অভাবে অনুশীলন করতে পারে না। আবার অনেক ফেডারেশনের অনুশীলনের জন্য জায়গা নেই। সেটাও আলোচনা হয়েছে সভায়, 'যেসব ফেডারেশনের ভেন্যু ও অবকাঠামো সমস্যা রয়েছে। তাদের সেটাও দিতে বলা হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে ইনডোর ভিত্তিক অনেক ফেডারেশনকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এনএসসির', বলেন সাদী।
ফুটবল, ক্রিকেট, আরচ্যারি ছাড়া অন্য ফেডারেশনগুলো খেলোয়াড়দের সেভাবে নিয়মিত ক্যাম্প পরিচালনা করতে পারে না। জাতীয় ক্রীড়া পরিষদ এই তিন ফেডারেশনের সাথে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভলিবল, ভারোত্তোলনসহ আরো বেশ কয়েকটি ফেডারেশনকে পরিকল্পনা দিতে বলেছে।
ফুটবল, ক্রিকেট বাদে অন্য ফেডারেশনগুলো মূলত এসএ গেমসের জন্য অপেক্ষা করে। আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানে এসএ গেমস হওয়ার কথা ছিল। ঐ সময় সৌদি আরবে এশিয়ান ইনডোর গেমস থাকায় আবার এসএ গেমস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 'পাকিস্তানে এপ্রিলের পর গেমস আয়োজনের কথা জানিয়েছে। এখন প্রাথমিকভাবে সেপ্টেম্বর নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হয়নি', বলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবির।
২০৩০ সালে কাতারের দোহায় এশিয়ান গেমসের সূচি। এশিয়ান গেমসে এক বছর পেছানোর আলোচনা চলছে। সম্প্রতি দোহায় এশিয়ান গেমস নিয়ে হওয়া মিটিংয়ে ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিকে প্রস্তুতির জন্য এশিয়ান গেমস ২০৩১ সালে আয়োজনের প্রস্তাব এসেছে। ২০২৭ সালের জানুয়ারিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার এজিএম রয়েছে। সেই এজিএমে গেমস পেছানোর সিদ্ধান্ত পাশ হলে দোহার পাশাপাশি সৌদি আরবের রিয়াদের এশিয়ান গেমসও ২০৩৪ সালের পরিবর্তে ২০৩৫ সালে হবে।
