আলমগীর হোসেন।।
দাউদকান্দির গৌরীপুরে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৬০ শিক্ষার্থীকে মার্শাল আর্ট প্রশিক্ষণ শেষে ইয়েলো ও অরেঞ্জ বেল্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে ভয়েজার মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খল অভিনেতা ও মার্শাল আর্টের গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভয়েজার মার্শাল আর্ট একাডেমির সভাপতি এবং ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার। তাঁর উদ্যোগে শিক্ষার্থীদের মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দীর্ঘ এক বছর ধরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা।
প্রশিক্ষণের মেয়াদ অনুযায়ী শিক্ষার্থীদের দুই ধরনের বেল্ট দেওয়া হয়। ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্নকারীদের হলুদ বেল্ট এবং এক বছরের প্রশিক্ষণ সম্পন্নকারীদের কমলা বেল্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা মার্শাল আর্টের গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে মার্শাল আর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু-
কিশোরদের পড়াশোনার পাশাপাশি এ প্রশিক্ষণের প্রতিও আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ডা. মোজাম্মেল হক, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে বেল্ট ও সনদ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
