নিজস্ব প্রতিবেদক: ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু. ইসরাঈল মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
সম্মেলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি কাজী ইয়াছিনের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরী সভাপতি কাউন্সিলর মোশাররফ হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি খাইরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এবং চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি হাসান মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ইসলামে ব্যবসা-বাণিজ্যকে অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ব্যবসায়িক কর্মকাণ্ডে সততা ও ন্যায়নীতি বজায় রাখা অপরিহার্য। ওজনে কম দেওয়া, প্রতারণা, মজুতদারি, সুদ এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ থেকে ব্যবসায়ীদের বিরত থাকতে হবে। হালাল উপার্জন ও আমানতদারির মাধ্যমেই কেবল ব্যবসা পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শিল্প ও বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে মু. ইসরাঈল মজুমদার সম্মেলনে অংশগ্রহণকারী সব ব্যবসায়ী প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
