সদর দক্ষিণ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদার।
তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় না। অতীতে আগুন সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সচেতন ভূমিকা পালন করবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
