প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় বাড়ির আঙিনায় মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বাড়ির সীমানায় দেওয়া টিনের বেড়া কেটে তছনছ এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে তাঁর আপন বড় ভাই সফিউল বাশার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
গত ১১ নভেম্বর উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি দুবাই প্রবাসী রবিউলের। এ ঘটনায় রবিউলের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সফিউল বাশার, শাহজাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় মাটি কাটা নিয়ে রবিউলের পরিবারের সঙ্গে তাঁর আপন বড় ভাই সফিউল বাশার ও তাঁর পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাড়ির সীমানায় দেওয়া টিনের বেড়া কেটে ক্ষতিগ্রস্ত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রবিউলের ছেলে নাঈম ও পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। বাদী ফাতেমা আক্তারকে মারধরের পাশাপাশি দা দিয়ে কোপ দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘর্ষের একপর্যায়ে সফিউল বাশার, শাহজাহানসহ অন্য অভিযুক্তরা বাদীর ঘরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া তাঁর ব্যবহৃত একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার আগে সামাজিকভাবে বসে বিরোধটি মীমাংসার উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, অভিযুক্ত ও অভিযোগকারী পক্ষের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। স্থানীয়ভাবে কয়েকজনের বিরুদ্ধে বিরোধ উসকে দেওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, নিজেদের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।
