চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মামলা সংক্রান্ত বিরোধের জেরে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কোহিনুর রশিদ।
মৃত্যুদণ্ড পাওয়া মো. শাহাদাত হোসেন সরদার (৫৬) উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির প্রয়াত আলী আহম্মদ সরদারের ছেলে।
নিহত কামরুল হাসান রতন (৪০) একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী শাহাদাত। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন।
এ ছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে শাহাদাত ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন।
পিপি কোহিনুর রশিদ বলেন, ২০২২ সালের ২০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কামরুলের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর ফরিদগঞ্জ থানার তৎকালীন এসআই বরকত উল্যাহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি।
১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সফিকুর রহমান ভূঁইয়া।
