মো. হাবিবুর রহমান ।।
মাত্র ১০ দিনের ব্যবধানে আমানতের টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের আনুমানিক ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে ‘আইসেল ওয়ান মার্কেট’ নামের একটি কথিত আর্থিক প্রতিষ্ঠান।
কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা দক্ষিণপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনমালিকসহ ২১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়িতে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করে ‘আইসেল ওয়ান মার্কেট’। শুরু থেকেই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে প্রলুব্ধ করতে থাকে যে, তাদের কাছে টাকা জমা রাখলে মাত্র ১০ দিনের মধ্যে তা দ্বিগুণ করে ফেরত দেওয়া হবে। অল্প সময়ে অধিক মুনাফার এই ফাঁদে পা দিয়ে এলাকার প্রায় ১ হাজার ২০০ গ্রাহক প্রতিষ্ঠানটিতে আনুমানিক ১০ কোটি টাকা বিনিয়োগ করেন।
গত মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকেরা সব টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত ভুক্তভোগী গ্রাহক হিরারকান্দা দক্ষিণপাড়ার ওই কার্যালয়ে ছুটে আসেন।
এ সময় কার্যালয়ে থাকা তিন মাঠকর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন উত্তেজিত গ্রাহকেরা। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই তিনজনকে হেফাজতে নেয়। ভুক্তভোগীরা ভবনমালিকের কাছে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
এ ঘটনায় ভুক্তভোগী ফারুক মিয়া বাদী হয়ে ভবনমালিক আব্দুর রহমানসহ ২১ জনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত তিন মাঠকর্মী হলেন- মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের সাইফুল ইসলাম (৩০), পশ্চিম সোনাউল্লাহ গ্রামের শরীফুল ইসলাম (৩৩) এবং দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নজরুল ইসলাম (৪৪)। তাঁরা সবাই আইসেল ওয়ান মার্কেটের মুরাদনগর শাখার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার বাদী ফারুক মিয়া জানান, ১০ দিনের মধ্যে ১৯ লাখ টাকা ফেরত পাওয়ার আশায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছিলেন। আটক মাঠকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহ করেছিল চক্রটি। এখন কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁরা দ্রুত মূল হোতাদের গ্রেপ্তার এবং জমাকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, প্রতারণার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক তিনজনকে বুধবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
