নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় থামছে না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি বছরের শুরু থেকে ৯ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন।
সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে নগরীতে এডিস মশার লার্ভা বেড়েছে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার আহবান জানায়।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
