কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৪০ হাজার ৮২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় ব্যাটালিয়নের আওতাধীন সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা, কসবা, মঈনপুর, চণ্ডিদার ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় রেড বুল এনার্জি ড্রিংকস, আমুল কুল, হরলিক্স, চকলেট, ফুচকা, বাসমতি চাল, বাজি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের জার্সি ও হাফপ্যান্ট, ফেয়ারনেস ক্রিম, মেহেদি, লোশন, সেভেন অয়েল, অলিভ অয়েল, লাইট হেয়ার অয়েল, গরু, শিং মাছ, বিয়ার, গাঁজা ও ইজিবাইক। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪০ হাজার ৮২০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
