প্রদীপ মজুমদার :
গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য দেওয়া খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি ডাল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, ডা. রমিজ বিন আরিফ এবং যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাফর আহম্মেদ।
ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তীসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পরিকল্পনা হলো, যারা নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত, তাদের পাশে দাঁড়ানো। গণঅধিকার পরিষদ তথা কুমিল্লা জেলা নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে থাকতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বিশেষ ঘোষণা—যারা অর্থের অভাবে মামলা পরিচালনা করতে পারেন না এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হন, তাদের পাশে আমরা দাঁড়াব।”
তিনি আরও বলেন, “খাদ্যসামগ্রী বিতরণসহ এ ধরনের মানবিক উদ্যোগ মোবারক ভাই প্রতিবছর আয়োজন করেন। আশা করি, আগামী দিনেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সভাপতি মোবারক হোসেন বলেন, আমরা প্রতিবছর এধরণের অনুষ্ঠানের আয়োজন করি, তিনি সকলের প্রতি তার পিতামাতার জন্য দোয়া চেয়ে বলেন সামনে ইউপি নির্বাচন, ৫ শ ১ হাজার টাকায় আপনার ভোট খারাপ লোকের নিকট বিক্রি করবেন না। ভালো মানুষকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
