মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন। সমাজের অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের মদিনগর গ্রামের কয়েকটি সনাতনী পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন তিনি।
সম্প্রতি মদিনগর হিন্দুবাড়িতে আয়োজিত এ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আইআর আশিক আহমেদ শাহিন, মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রাশেদুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর সভাপতি তরিকুল ইসলাম লিটন, আব্দুল আউয়াল, আবুল হাসেম, হাসানুল কবির সোহেল, বাবুল মিয়া, আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অধ্যাপক এমদাদুল হক মামুনের সম্পৃক্ততা নতুন নয়। মানুষের প্রয়োজন ও দুর্দশাকে গুরুত্ব দিয়ে তিনি বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর কাছে ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের পরিচয় নয়, মানুষের প্রয়োজন ও মানবিকতাই বড়—এমন দৃষ্টিভঙ্গি তাঁর সামাজিক কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে।
মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে দিন-রাত কিংবা সময়ের হিসাবকে প্রাধান্য না দিয়ে প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁকে স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রেখেছে। কখনো অসহায় মানুষের সহযোগিতা, কখনো সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, আবার কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ—এসব কার্যক্রমের মধ্য দিয়ে তিনি মানবিক সমাজ গঠনের প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছেন।
মদিনগরের সনাতনী পরিবারগুলোর মাঝে উপহারসামগ্রী বিতরণের এই উদ্যোগ কেবল কিছু উপহার প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা বহন করে। এমন উদ্যোগ সমাজের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানুষের জন্য মানুষের ভালোবাসা ও সহযোগিতার হাত প্রসারিত হোক—এই প্রত্যাশায় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
