কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ কুমিল্লার একটি ইউনিট। এ ঘটনায় বাড়ির মালিক আসিফকে (২২) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক আসিফ মৃত ডাক্তার শাহনেওয়াজ ওরফে লাভলুর ছেলে। তিনি স্থানীয় শাকেরা বাজারের পশুখাদ্য ব্যবসায়ী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ইছাপুরা পূর্ব-দক্ষিণপাড়ায় ডাক্তার শাহনেওয়াজ লাভলুর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার প্রত্যন্ত গ্রাম ইছাপুরায় দেশীয় অস্ত্র তৈরি করে কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। অভিযানে বাড়িটি থেকে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক আসিফকে আটক করে নিয়ে যায় অভিযান পরিচালনাকারী দল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহনেওয়াজ লাভলুর বাড়িতে অভিযান চালায় এসআরবি। তিনি শুনেছেন, শাহনেওয়াজ লাভলুর ছেলে আসিফ পাখি শিকারের বন্দুকের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। ওই ছবি দেখে প্রশাসন অভিযান চালায়। এ সময় পাখি শিকারের বন্দুক, ছেনিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আসিফকে আটক করে নিয়ে যায় এসআরবি।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্রের প্রকৃতি, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং আটকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
