নিজস্ব প্রতিবেদক।। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, কুমিল্লা কান্দিরপাড় শাখার অনাবাসিক কার্যক্রমের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লার নগরীর নজরুল এভিনিউতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া। তিনি তাঁর বক্তব্যে মাদরাসাটির নতুন শাখার সাফল্য কামনা করে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনে তানযীমুল উম্মাহর নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌয়ারা ফাজিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল হক চৌধুরী, চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষক মো. আকছির মিয়া এবং একবাড়িয়া আলিম মাদরাসার বিশিষ্ট আলেম হাবিব আল ফরিদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের কুমিল্লা শাখা প্রধান আব্দুল হালিম মাসুম, চট্টগ্রাম রোড শাখার প্রি-হিফয ও গার্লস সেকশন প্রধান মাহফুজুর রহমান, নোয়াখালী শাখা প্রধান সালাউদ্দিন এবং নবগঠিত কুমিল্লা অনাবাসিক শাখার কো-অর্ডিনেটর আব্দুর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন কুমিল্লা অনাবাসিক শাখার দায়িত্বশীল মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, হিফয শিক্ষার মানোন্নয়ন এবং বর্তমান যুগে শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
