
ক্রীড় প্রতিবেদক ।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ কুমিল্লা জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে বিশেষ ট্রায়াল ও খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ও ২৯ অক্টোবর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৮ অক্টোবর সকাল ৮টায় অনূর্ধ্ব-১৪ এবং একই দিন দুপুর সাড়ে ১২টায় অনূর্ধ্ব-১৬ বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ অক্টোবর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ বিভাগের ট্রায়াল।
বয়সসীমার ক্ষেত্রে অনূর্ধ্ব-১৪ বিভাগে অংশ নিতে খেলোয়াড়দের জন্মতারিখ ২০১২ সালের ১ সেপ্টেম্বর বা তার পরে হতে হবে। অনূর্ধ্ব-১৬ বিভাগের জন্য জন্মতারিখ ২০১০ সালের ১ সেপ্টেম্বর বা তার পরে এবং অনূর্ধ্ব-১৮ বিভাগের জন্য ২০০৮ সালের ১ সেপ্টেম্বর বা তার পরে হতে হবে।
ট্রায়ালে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি সঙ্গে আনতে হবে। জন্মনিবন্ধনটি কমপক্ষে তিন বছর আগে নিবন্ধিত হতে হবে। এ ছাড়া বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবিযুক্ত স্কুল রেজিস্ট্রেশন বা প্রশংসাপত্রের কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে।
অংশগ্রহণকারীদের নিজ নিজ ক্রিকেট কিটস ও প্রয়োজনীয় খেলোয়াড়ি সরঞ্জাম নিয়ে যথাযথ ক্রীড়াপোশাক ও জুতা পরিধান করে নির্ধারিত সময়ে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রায়াল ও খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য কোনো ধরনের অর্থ বা ফি দিতে হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত বিভাগীয় কোচ, জেলা ক্রিকেট কোচ ও সহকারী জেলা ক্রিকেট কোচের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হবে।
কুমিল্লার আগ্রহী ও উদীয়মান ক্রিকেটারদের নির্ধারিত বয়সসীমা ও প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত পূরণ করে ট্রায়ালে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
