চারটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টের বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন কুমিল্লার কৃতী সন্তান ও পেশাদার গলফার আফশান আনিস। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ভারতের উদ্দেশে যাত্রা করেন তিনি। ধারাবাহিক এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক গলফ অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান এই গলফার।
আফশান আনিসের সূচি অনুযায়ী, ভারতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান কোয়ালিফিকেশন ট্যুরের পর আগামী ১৬ অক্টোবর লন্ডনে শুরু হতে যাওয়া মেনা ট্যুর কোয়ালিফিকেশন ট্যুরে অংশ নেবেন তিনি। সেখানে ২০২৭ মৌসুমের জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন। এরপর ২০ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য থাইল্যান্ড কোয়ালিফিকেশন ট্যুর এবং ২ ডিসেম্বর চীনে শুরু হতে যাওয়া চায়না কোয়ালিফিকেশন ট্যুরে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। চীনের প্রতিযোগিতায় ভালো করে চায়না ট্যুরে খেলার যোগ্যতা অর্জন করাও তাঁর অন্যতম লক্ষ্য।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে আফশান আনিস বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গলফ খেলছেন তিনি। এ সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছেন। প্রতিটি টুর্নামেন্টকে তিনি নতুন পরীক্ষা, সম্ভাবনা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ হিসেবে দেখেন।
তিনি বলেন, দেশের বাইরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়ের জন্য গৌরব ও সম্মানের। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা বড় চ্যালেঞ্জ। তবে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই যাত্রা অব্যাহত রাখতে চান।
আফশান আনিস আরও বলেন, মিশরের কায়রোর মাদিনাতি গলফ ক্লাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর সামনে তাঁর জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশন।
প্রতিটি প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের সম্মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান করাই তাঁর লক্ষ্য।
কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্যসেবায় পেশাগত দায়িত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আফশান আনিস। তাঁর ভাষ্য, রাজনীতি তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ দিয়েছে, আর খেলাধুলা শিখিয়েছে শৃঙ্খলা, অধ্যবসায়, ধৈর্য ও প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে দেশ ও মানুষের জন্য অবদান রাখতে চান তিনি।
আন্তর্জাতিক গলফে নিজের লক্ষ্য তুলে ধরে আফশান আনিস বলেন, বিশ্বের যেখানেই খেলতে যান, তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের একজন প্রতিনিধি। দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ক্রীড়া, রাজনীতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সামনে থাকা চারটি আন্তর্জাতিক বাছাইপর্বে সফলতা অর্জনের লক্ষ্যে দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন এই গলফার।
