বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
সাদদের নাইট ক্লাবের তদন্তের দায়িত্বে বাফুফে সভাপতি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৫ এএম আপডেট: ১৩.১০.২০২৬ ১:৪৮ এএম |

সাদদের নাইট ক্লাবের তদন্তের দায়িত্বে বাফুফে সভাপতি

ফিফা আসিয়ান কাপ চলাকালে ইন্দোনেশিয়ার বিপক্ষে নয় গোল হজমের পর বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবে যাওয়ার ছবি বেরিয়েছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। আজ জাতীয় দল কমিটির সভাতে এ নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে তদন্তের ভার পড়ছে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের ওপরই।
ফর্টিজ ডাউনটাউনে জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, ‘কিছু ফুটবলারদের নামে অভিযোগ এসেছে। ফেসবুকেও ছবি এসেছে। এই ইস্যুটা আমি ইনভেস্টিগেট করব। ফুটবলারদের সঙ্গে আমি বসব এবং পরবর্তী পদক্ষেপ কী নেয়া যায়, কমিটিকে আমি তা সুপারিশ করব।’
জাতীয় দলের ফুটবলাররা অফ সিজনে ক্ষ্যাপ খেলেন। এ নিয়ে বাফুফে সভাপতি আগে আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা তথ্য না পাওয়ার কথা বলেছিলেন। আজকের সভায় ক্ষ্যাপের বিষয়টি উঠায় তিনি বলেন, ‘এর আগে কয়েকজন খেলোয়াড়রা টাঙ্গাইলে খেলেছিল। আমরা ঐ সময় ওটা ওভারলুক করেছিলাম। কিন্তু আমরা এখন মনে করছি, সেটাও দেখা দরকার। তাদের কাউন্সেলিং করতে চাই।’
আসিয়ান কাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারেনি। ফুটবলার, কোচিং স্টাফ, ফেডারেশন স্টাফ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় এনেছি। আমি নিজেও একাউন্টেবল টু দ্য কমিটি। আমরা খেলোয়াড়দের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছি। যারা বাফুফের পক্ষ থেকে ম্যানেজমেন্টে ছিলেন, তাদের ব্যক্তিগতভাবে আমরা প্রশ্ন করেছি।’
আসিয়ান কাপে বাংলাদেশ তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল। এরপরও ফেডারেশন সভাপতি ইতিবাচক প্রাপ্তি খুঁজছেন, ‘আমরা প্রথমার্ধে ছয় গোল খেয়েছি। দ্বিতীয়ার্ধে কিন্তু এক গোল দিয়েছিলাম আবার এক গোল খেয়েছি। এর অর্থ আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ রয়েছে। ইনজুরি সময় ছিল দুই মিনিট। কিন্তু সাত মিনিট পেরিয়ে যায়। তখন আমরা আরো দুই গোল হজম করি।’
বাংলাদেশ দলে এখন প্রবাসী অনেকে খেলছেন। প্রবাসীদের জন্য ইংল্যান্ডে বছরে দুবার টুর্নামেন্ট ও ক্যাম্প করতে চায় বাফুফে, ‘আমরা ইংল্যান্ডে ১৪-১৭ বছর বয়সের জন্য দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট করতে চাই। এই বিষয়ে ফর্টিজের চেয়ারম্যান শাহাদাত সাহেব ও আমাদের আন্তর্জাতিক কমিটির সাত্তার সাহেব কাজ করবেন। ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্য দেশেও আমরা খেলোয়াড় সন্ধানে এই কাজ করব।’
জাতীয় দল ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ কিংবা টুর্নামেন্ট খেলে। ঐ সময় জুনিয়র দলকেও দেশে-বিদেশে ম্যাচ খেলানোর পরিকল্পনা হয়েছে আজকের সভায়, ‘অ-২০ দলকেও আমরা ফিফা উইন্ডোতে ম্যাচ খেলাব। এই দলকে আমরা পরবর্তী জাতীয় দল হিসেবে তৈরি করতে চাই। এজন্য তাদেরকেও দেশে-বিদেশে খেলার ব্যবস্থা করব।’
৪ নভেম্বর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ঐ টুর্নামেন্টের জন্য ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে। ফিফা উইন্ডোর আগে হওয়ায় প্রথম ম্যাচে হামজারা আসতে পারছেন না, ‘৯ নভেম্বর থেকে ফিফা উইন্ডো হওয়ায় আমরা প্রথম ম্যাচে অনেককে পাব না। টুর্নামেন্ট শুরুর আগে আমরা একটি প্রীতি ম্যাচ খেলতে চাই কোনো ক্লাব কিংবা দেশের বিপক্ষে।’
দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগ চলছে একেবারে এবড়ো-থেবড়ো মাঠে। অনেক ম্যাচে সাত-আট গোল করে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাহীন লিগ ও খারাপ মাঠে খেলে ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়ে ফেডারেশন সভাপতির বক্তব্য, ‘মাঠের কোয়ালিটি অবশ্যই একটা ইস্যু। পরের রাউন্ড থেকে এটার উন্নতি হবে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২