গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায়সহ অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, রাজধানীসহ ৩১ জেলায় রোববার পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অধিদপ্তরের ৪৬টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রোধে গুরুত্ব দেওয়া হয়।
বাজার তদারকিকালে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তর বলেছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ বজায় রাখতে সহযোগিতা করা প্রয়োজন। পাশাপাশি পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং ক্রয়ের রশিদ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
পণ্য কেনায় অতিরিক্ত মূল্য আদায়, প্রতারণা কিংবা কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
