শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
নিষেধাজ্ঞার আগে টাটকা ইলিশ কিনতে চাঁদপুরে ক্রেতার ভিড়, কমেছে দাম
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:১১ এএম |


আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে কেজিপ্রতি ইলিশের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। নিষেধাজ্ঞার আগে ইলিশ কিনতে ঘাটে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা।
শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটে ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করেন জেলে ও ব্যবসায়ীরা। একই সঙ্গে মাছ কিনতে আসা ক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ঘাট। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গত দুই দিন ইলিশের দাম আরও কিছুটা কম ছিল। তবে শুক্রবার ইলিশের সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম কিছুটা ওঠানামা করছে। বর্তমানে ঘাটে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।
নিষেধাজ্ঞার আগে ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে জানিয়ে আরেক ব্যবসায়ী নবীর বলেন, নিষেধাজ্ঞা শুরুর আগের কয়েক দিনে নদী থেকে ইলিশ আহরণ ও ঘাটে সরবরাহ আরও বাড়তে পারে। এতে ইলিশের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মৌসুমের শেষ সময়ে অনেকেই ইলিশ কিনতে ঘাটে আসছেন।
ঢাকা থেকে ইলিশ কিনতে আসা ক্রেতা মঞ্জুরুল হক বলেন, চাঁদপুরের ইলিশ খুবই টাটকা এবং স্বাদও ভালো। তাই সুযোগ পেলেই চাঁদপুর থেকে ইলিশ কিনে নিয়ে যাই। এর আগে যখন এসেছিলাম, তখন এক কেজি ইলিশের দাম ছিল প্রায় ৩ হাজার টাকা। বর্তমানে দাম কিছুটা কমেছে। তবে দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।
তিনি আরও বলেন, ঢাকার বাজারে অনেক ইলিশ পাওয়া গেলেও চাঁদপুরের ইলিশের স্বাদ ও ঘ্রাণ আলাদা। তাই নিষেধাজ্ঞার আগে অনেকেই চাঁদপুর মাছঘাটে এসে ইলিশ কিনছেন। একই সঙ্গে চাঁদপুরসহ দেশের বিভিন্ন বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার জন্য নজরদারি বাড়ানো প্রয়োজন।
এদিকে নিষেধাজ্ঞা সামনে রেখে বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ও বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শেষ সময়ে নদীতে জেলেদের ব্যস্ততা এবং ঘাটে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে ইলিশের বাজার।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২