কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কুমিল্লার পরিচালক প্রফেসর মোহাম্মদ শহীদ উল্লা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন।
কলেজের ক্রীড়া শিক্ষক জিএম ফারুক বাবলু জানান, টুর্নামেন্টে কলেজ ও স্কুল শাখার দুটি করে মোট চারটি দল অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে নানা ধরনের ক্রীড়া উৎসব আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কুমিল্লার পরিচালক প্রফেসর মোহাম্মদ শহীদ উল্লা মজুমদার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা বোর্ড মডেল কলেজ সবসময় এগিয়ে যাচ্ছে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও জরুরি।
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন আমাদের সন্তানদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় মনোযোগী হলে তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। আমরা আমাদের সন্তানদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চাই। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
