
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডে দেশবাসী মর্মাহত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের কয়েকজন সদস্যের চলাফেরা ও ওঠাবসা ছিল। তাদের বয়স অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডের প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে।
তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। এর আগে রামিশা হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রক্রিয়ায় পুলিশ যেভাবে সহযোগিতা করেছে, একইভাবে কুমিল্লার এই হত্যাকাণ্ডের বিচারেও সহযোগিতা করা হবে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
