কুমিল্লায় মাদকবিরোধী ৫৬টি অভিযানে ১৩ শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৭৫জন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী, ৯ জন মাদক সেবনকারী ও অন্যান্য মাদক মামলায় ৫৩ জন রয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয় এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
