প্রদীপ মজুমদার :
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার-এর লালমাই উপজেলায় শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় সমস্যা, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অংশীজনদের মতামত শোনেন জেলা প্রশাসক রোজী আকতার।
মতবিনিময় সভায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার অংশে ফোর লেনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া ইপিজেডের দূষিত বর্জ্যের বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পরিবেশের ওপর যাতে এর বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
রোজী আকতার স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান আরও উন্নত করা এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল, পোশাক ও ডিউটি সরঞ্জাম তুলে দেন জেলা প্রশাসক রোজী আকতার।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
