ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাবা আক্তার নামের ৩ বছর ৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবা আক্তার ওই গ্রামের জাকির মেম্বারের বাড়ির সোহাগ মিয়ার সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায় শিশু সাবা। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে সাবাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা।
পরে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ বলেন, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছি।"
এদিকে নিষ্পাপ এই শিশুটির অকালমৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
