নিজস্ব প্রতিবেক : সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে, এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
রোববার, রাজধানীর বাংলা মোটরে এনসিপির সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সংস্থায় সংস্কার না হওয়ায় দুদক এখনো সরকারের আদেশে কাজ করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল জনগণের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছে উল্লেখ করে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিএনপি জোরালো ভূমিকা নিচ্ছে না।
এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ সময় জানান, তারা স্বতন্ত্র প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবেন এবং ১৯ সেপ্টেম্বর ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চে দলের নেতাকর্মীরা অংশ নেবেন।
এর আগে রোববার দুদকের প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
