কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মহাসড়ক দিয়ে অতিক্রমকারী সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে বাসের চালক দিদারুল আলম চৌধুরী ও তাঁর সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের আড়ালে মাদকের চালান পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও পরিবহনকারীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
