মাগুরা সদর
উপজেলার আলমখালী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার
কেনার অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেসার্স
আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮
আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহারের
নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ
নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কার্যালয়
সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার
আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার দুই হাজার
১০০ টাকা দরে কিনে আনেন। সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা এক হাজার ৫০
টাকা। সে হিসেবে ৮০ বস্তা সার দুই হাজার ১০০ টাকা দরে কেনায় মোট মূল্য
দাঁড়ায় এক লাখ ৬৮ হাজার টাকা।
কৃষি কর্মকর্তারা আরও জানান, বেশি দামে সার কিনে এনে তা আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
উপজেলা
কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,
চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে দুই হাজার ১০০ টাকা দরে ডিএপি সার আনা
হয়েছে। পরে অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহার বলেন, ‘জব্দ করা সার কৃষকদের কাছে
সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। সার বিক্রির অর্থ সরকারি
কোষাগারে জমা দেওয়া হবে।’
