
কুমিল্লা-৬ (সদর) আসন থেকে টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি দলীয় নেতাকর্মী আর সর্ব শ্রেণি পেশার মানুষের ফুলে ফুলে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল সোমবার (৮ জানুয়ারি) বিকেলে বিপুল ফুলের সংবর্ধনা জানানো হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপিকে। সোমবার বাদ আসর থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান শুরু হয়ে চলে বাদ এশা পর্যন্ত। ফুলের শুভেচছা ও অভিনন্দন জানান কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ কুমিল্লার প্রায় তিন শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান ।
এসময় ফুলে ফুলে ভালোবাসায় সিক্ত এমপি বাহার বলেন, এ বিজয় কুমিল্লার আপামর জনতার । এ বিজয় কুমিল্লার গণ মানুষের। এ বিজয় শেখ হাসিনার। এ বিজয় কুমিল্লার আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ বিজয় কুমিল্লাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার । আশা করছি,এ বিজয়ের মধ্য দিয়ে কুমিল্লার একটি পরিবারের নির্বাচনের খায়েশ মিটবে। সকল চক্রান্ত ষড়যন্ত্রের অবসান ঘটবে।
তিনি আরও বলেন, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে আমার সকল নেতাকর্মী,বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে জানাই অভিনন্দন। এ বিজয়ের মুল শক্তি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের একমাত্র আশার বাতিঘর। নেত্রীকে বলেছি, আমরা সকলে মিলে আজ কুমিল্লাকে শেখ হাসিনার কুমিল্লায় রুপান্তর করেছি।
