Published : Monday, 8 August, 2022 at 12:00 AM, Update: 08.08.2022 1:37:40 AM

রণবীর ঘোষ কিংকর।
জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির পর সরকার ভাড়া নির্ধারণ করে দিলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়েনি গণপরিবহন।
ভাড়া বৃদ্ধির প্রথমদিনের মত দ্বিতীয় দিন (রবিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন অনেক কম দেখা গেছে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক কিলোমিটার প্রতি ৪০ পয়সা ভাড়া বৃদ্ধিতে বিভিন্ন সড়কে ভাড়ার মূল্য তালিকা নির্ধারণ করেনি বাস মালিক সমিতি। নতুন ভাড়া নির্ধারণ তালিকা ছাড়া অধিকাংশ পরিবহনের মালিকরা মহাসড়কে তাদের বাস চলাচলে অনিচ্ছুক। যে কারণে ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভাড়া বৃদ্ধির দ্বিতীয় দিনেও গণপরিবহনের চাপ নেই।
এদিকে নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বাস মালিকদের রয়েছে সংশয়। তেল ও পরিবহন খরচ বৃদ্ধির সাথে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ায় মুনাফার সম্ভবনা দেখছেন না তারা।
কুমিল্লার এশিয়া পরিবহনের একাধিক মালিক জানান, কুমিল্লা থেকে একবার ঢাকায় যাতায়াত করলে ১শ লিটার তেল খরচ হয়। তার সাথে রয়েছে টোল চার্জ সহ সার্ভিস ও শ্রমিকের বেতন। সব সময় ৪৫ সিট পূরণও হয়না। গড়ে ৩০-৩৫ সিটের যাত্রী থাকে। সেই হিসেবে এখন সরকারের নির্ধারিত ভাড়ায় তেল, পরিবহন, সার্ভিস চার্জসহ সব খরচ পুষিয়ে নেওয়া কঠিন হবে।
অপরদিকে রবিবার (৭ আগস্ট) মহাসড়কে যে সকল গণপরিবহন চলছে সেগুলো চালকদের ইচ্ছেমত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। কুমিল্লা থেকে ঢাকায় আসা তিশা পরিবহনের যাত্রী দিলরুবা জানান, আমি ক্যান্টনমেন্ট থেকে বাসি উঠি, আমার কাছ থেকে ২৮০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। কিন্তু সরকারের নির্ধারিত ভাড়ায় ২২০ টাকার বেশি হওয়ার কথা না।
মহাসড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকটাই ফাঁকা রয়েছে বলে মন্তব্য করেছেন গাড়ি চালক ও যাত্রীরা। যাত্রী চান্দিনা মহিলা কলেজের সহকারি অধ্যাপক হেদায়েত উল্লাহ জানানা, আমি প্রাইভেটকার যোগে সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই, মাত্র ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাই। বিকাল ৫টায় নিউমার্কেট থেকে রওয়ানা হয়ে সোয়া ৬টায় চান্দিনা পৌঁছি। মহাসড়কে গণপরিবহন তেমন না থাকায় কোথাও যানজট বা গাড়ির চাপ নেই।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি কবির হোসেন জানান, মূলত তেল বৃদ্ধির সাথে সব কিছুই বাড়ে। তাই মালিক ও চালকরা সংশয়ে আছে। একদিকে ভাড়া নির্ধারণের তালিকা তৈরি হয়নি সব বাসে অপরদিকে যাত্রীদের সাথে ঝামেলার ভয়ে অনেকেই গাড়ি নিয়ে সড়কে নামেনি। তারপরও সরকারের নির্ধারণ করা ভাড়ার সাথে সমন্বয় করে সন্ধ্যার মধ্যেই আমরা ভাড়া নির্ধারণ করে দিব। সোমবার থেকে পুরোদমে আমাদের সকল বাস চলবে।