Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:50:48 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনি পরিবেশ আরো চমৎকার হবে
জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, আমি বিজয়ী হলে
সর্বপ্রথম কুমিল্লার জলাবদ্ধতা এবং যানজট নিরসন করবো এবং এক বছরের মধ্যে
এসব সমস্যার সমাধান করবো।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার ফয়সাল
হাসপাতালের সামনে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের
জবাবে তিনি এসব কথা বলেন।
গত নির্বাচনে মনিরুল হক সাক্কুকে সহযোগিতা
করেছেন এমন প্রসঙ্গে তিনি বলেন, এই কথার কোনো ভিত্তি নেই। একটা প্রমাণ সে
দেখাক যে আমি তার সাথে ছিলাম। আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক। আমার বিরুদ্ধে যদি এমন অভিযোগ থাকতো- তাহলে জননেত্রী শেখ হাসিনা
মেয়র নির্বাচনের জন্য আমার হাতে নৌকা তুলে দিতেন না।
মাদক সংশ্লিষ্টতার
সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিফাত বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার
বিরুদ্ধে নেই, আপনার খোঁজ নিয়ে দেখেন। এই ধরনের কোনো মামলা কুমিল্লার
আদালতে নেই, জেলা পুলিশের কাছেও কোনো অভিযোগ নেই। বরং তার (সাক্কু)
চতুর্দিকে মাদক ব্যবসায়ীরা ঘিরে থাকে। সে মাদক ব্যবসায়ীদের দ্বারা
নিয়ন্ত্রিত। যারা এসব কথা বলছে, তারাই বিভিন্ন মামলার আসামি। খুনের মামলা
থেকে শুরু করে অনেক মামলার আসামি। গত কিছুদিন আগেও দুর্নীতি মামলার জামিন
নিয়ে এসেছে।
রিফাত বলেন, আমি যদি সত্য না বলি, মিথ্যা বলে থাকি উনি
(সাক্কু) আমাকে চ্যালেঞ্জ করুক। আসেন আমরা কান্দিরপাড়ে বসি, টাউন হলে বসি।
উনি প্রশ্ন করবেন আমি জবাব দিবো। যদি সঠিক জবাব দিতে না পারি, যখনি আমি
ব্যর্থ হবো; তখনি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কুমিল্লার মানুষকে জিজ্ঞেস
করেন আমার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না। আমি ৪০ বছর ধরে সততার সাথে
রাজনীতি করছি।
যারা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তারা কি
আপনার সাথে আছেন? এমন প্রশ্নের জবাবে রিফাত বলেন, আওয়ামী লীগের নেতারা আমার
সাথে আছেন। আঞ্জুম সুলতানা সীমা (মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি) প্রতি
ওয়ার্ডে আমার জন্য নির্বাচনি কমিটি গঠন করেছে। ইমরান (মাসুদ পারভেজন খান
ইমরান) মহানগর আওয়ামী লীগের কেউ না। সীমা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি।
সেও দলের নমিনেশন চেয়েছিলো।
নতুন প্রজন্মের ভোটাররা নৌকাকেই ভোট দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রিফাত।