ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
র‌্যাব কুমিল্লার অভিযান
অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:50:25 AM
অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় অপহরণচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ইমাম হোসেন (২৭) নামে অপহৃত এক যুবককে উদ্ধারের পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। অপহৃত ইমাম হোসেন চট্টগ্রামের ভূজপুর উপজেলার নতুন পাড়া গ্রামের মো. জাফরের ছেলে। চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পথে অপহরণ ও ছিনতাইয়ের শিকার হন তিনি।
শনিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার উল্টর নছরুদ্দি গ্রামের মৃত শাহ আলমের ছেলে মো. জিসান আহমেদ (৩২), খুলনার চালনা উপজেলার কামার খোলা দাকোপ গ্রামের মো. মনিরুল ইসলাম গাজীর ছেলে মো. ইসমাইল গাজী (২৫), একই জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের মো. ছবুর গাজীর ছেলে মো. এখলাছুর রহমান ফাহিম(১৯), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারী বুনিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. জায়েদ আল শাহান (২১), সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. মারাফত আলীর ছেলে মো. আবির হোসেন (২১) ও ঢাকার ডেমরা থানার ডেমরা গ্রামের হাজী আবদুস সালামের ছেলে মো. হাবিবুর রহমান (৩৪)।
র‌্যাব জানায়, ২ জুন রাত ৯টার দিকে চাকরিতে যোগদানের জন্য কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে যাওয়ার পথে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড পার হওয়ার পর কয়েকজন ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ইমামকে অপহরণ করে তার পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ইমামের স্ত্রী রিনা আক্তার বিষয়টি র‌্যাবকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩ জুন) রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে অপহরণ চক্রের মূল হোতা জিসানসহ ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার ছুরি, দুটি ধারালো ছুরি, স্কচটেপ এবং বিপুল পরিমাণ দাতব্য যন্ত্রপাতিসহ একটি কাঠের বক্স জব্দ করা হয়। এ সময় অপহৃত ইমামকেও জীবিত উদ্ধার করা হয়।
র‌্যাব কর্মকর্তা সাকিব হোসেন জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত অপহরণ ও ছিনতাইয়ের সাথে জড়িত। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতার ৬জনসহ তাদের তিন সহযোগীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।