ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এনটিআরসিএর শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ৫ জুন
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:17:06 AM
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আগামী রোববার (৫ জুন) প্রকাশ করা হবে। একই দিনে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে দ্বিতীয় ধাপের সুপারিশও করা হবে।
এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ও দ্বিতীয় ধাপের সুপারিশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, মোট সাড়ে ২২ হাজার শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসিএ। এর মধ্যে ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের এবং ৭ হাজারের বেশি পদে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে আবেদন করা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে।
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক পদে নিয়োগ আইনি জটিলতায় আটকে ছিল। এসব পদে নিয়োগের জন্য নিবন্ধিত প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন। গত মার্চ মাসেই এ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের পরিকল্পনা ছিল এনটিআরসিএর। কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হয়নি।
বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে আবেদন নেওয়া হয়েছিলো। এ গণবিজ্ঞপ্তির ১৫ হাজারের বেশি পদে ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। এরমধ্যে এমপিও পদ ছিল ১২ হাজার ৮০৭টি ও ননএমপিও পদ ছিলো ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া গেছে।